পাকিস্তান সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে একটি সময় নির্ধারণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে দুই প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের একজন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, ‘আপনি কখন পাকিস্তান সফরের পরিকল্পনা করছেন?’ জবাবে তারেক রহমান সংক্ষেপে বলেন, ‘আমরা একটি দিনক্ষণ ঠিক করব। আমরা সময়ের বিষয়ে সিদ্ধান্ত নেব।’বৈঠক কেমন হয়েছে—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান বৈঠক নিয়ে সাংবাদিকদের বলেন, বৈঠকটি খুব ভালো ও আন্তরিকতাপূর্ণ হয়েছে।দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুই পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে। নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, শাহবাজ শরিফ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর করার পাকিস্তানের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে সহযোগিতা জোরদারের অঙ্গীকার করা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন ৮ সেপ্টেম্বর ২০২৬ শুরু হয়েছে এবং এর সভাপতি বাংলাদেশের ড. খলিলুর রহমান।