বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

সুনামগঞ্জে প্রথম নৌযান শুমারির তথ্য সংগ্রহ শুরু, র‍্যালি অনুষ্ঠিত

দেশের প্রথম নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও নৌপরিবহন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ শুমারির মূল তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত।শুমারির আওতায় দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ধরনের ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হবে। তবে ইঞ্জিনবিহীন নৌকা এ কার্যক্রমের অন্তর্ভুক্ত নয়।এর আগে গত ৪ থেকে ১৭ মে ইঞ্জিনচালিত নৌযানের প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়। ওই তালিকা অনুযায়ী সারাদেশে মোট ২ লাখ ৪৪ হাজার ৮০৮টি ইঞ্জিনচালিত নৌযান শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে রয়েছে ২৬ হাজার ৯৯টি নৌযান, যা দেশের মধ্যে সর্বোচ্চ।সুনামগঞ্জে শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলাকে চারটি শুমারি জেলায় ভাগ করা হয়েছে। এ কাজে দায়িত্ব পালন করবেন ৪ জন জেলা শুমারি সমন্বয়কারী, ৪৯ জন জোনাল অফিসার এবং ৩৫৩ জন গণনাকারী।সংশ্লিষ্টরা জানান, নৌযান শুমারির মাধ্যমে দেশের নৌপরিবহন খাতের একটি পূর্ণাঙ্গ তথ্যভান্ডার তৈরি হবে। পাশাপাশি নৌযান নিরাপত্তা, দুর্ঘটনা মোকাবিলা, উন্নয়ন পরিকল্পনা ও নীতিনির্ধারণে এ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। র‍্যালিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মুশফিকুর রহমান পারভেজসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।

সুনামগঞ্জে প্রথম নৌযান শুমারির তথ্য সংগ্রহ শুরু, র‍্যালি অনুষ্ঠিত