বাবার লেনদেনের সঙ্গে সম্পর্ক নেই: মুখ খুললেন পূজা চেরি
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বাবা দেব প্রসাদ রায় আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী।রোববার (২৬ এপ্রিল) এক আনুষ্ঠানিক বার্তায় পূজা চেরি জানান, বাবার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগ বা আর্থিক লেনদেনের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই।তিনি বলেন, “গত ১০–১২ বছর ধরে আমি মিডিয়ায় কাজ করছি। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনের ব্যয় নিজেই বহন করে আসছি। বাবার কোনো ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই।”পূজা চেরি আরও জানান, তিনি বর্তমানে কোনো প্রযোজনা প্রতিষ্ঠান বা প্রোডাকশন হাউজের মালিক নন। একজন শিল্পী হিসেবে দর্শকদের ভালোবাসা ও সম্মানের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকার কথা উল্লেখ করেন তিনি।তিনি বলেন, পরিবারের সদস্য হওয়ার কারণে এই পরিস্থিতি তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক হলেও বিষয়টি সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছে।অভিনেত্রী আরও বলেন, এটি তার ব্যক্তিগত কোনো বিষয় নয়, বরং একটি আইনি প্রক্রিয়া। তিনি আশা প্রকাশ করেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদঘাটিত হবে।
মামলার তদন্ত চলমান রয়েছে এবং বিষয়টি বিজ্ঞ আদালতের অধীনে নিষ্পত্তি হবে বলেও জানান তিনি।