শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

সৌরজগতের বাইরে প্রথম রেডিও সংকেত, মিলল শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের প্রমাণ

সৌরজগতের বাইরে একটি বহির্গ্রহ থেকে সরাসরি রেডিও সংকেত শনাক্ত করার দাবি করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। পৃথিবী থেকে প্রায় ৬৩ আলোকবর্ষ দূরে থাকা গ্যাসীয় গ্রহ ‘বিটা পিক্টোরিস বি’ থেকে পাওয়া এই সংকেত কোনো বুদ্ধিমান প্রাণীর বার্তা নয়; বরং গ্রহটির শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত প্রাকৃতিক প্রক্রিয়ার প্রমাণ বলে গবেষকদের ধারণা।পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশের অপেক্ষায় থাকা গবেষণাপত্রে এ তথ্য তুলে ধরা হয়েছে। গবেষণাটি ১৫ সেপ্টেম্বর ‘আর্ক্সিভ’ প্রিপ্রিন্ট আর্কাইভে প্রকাশিত হয়।হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ইডো বার্জারের মতে, বিটা পিক্টোরিস বি-এর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত প্রক্রিয়ায় এই রেডিও তরঙ্গ তৈরি হচ্ছে। এর পেছনে পৃথিবীর মেরুপ্রভার মতো অরোরা তৈরির প্রক্রিয়া কাজ করতে পারে।গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, নক্ষত্র থেকে আসা আধানযুক্ত কণা গ্রহের চৌম্বক ক্ষেত্রের সঙ্গে মিথস্ক্রিয়া করলে অরোরার সৃষ্টি হতে পারে। একই প্রক্রিয়ায় উচ্চশক্তির কণা চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরতে গিয়ে রেডিও তরঙ্গও উৎপন্ন করতে পারে। জ্যোতির্বিজ্ঞানীরা এ ধরনের সংকেতকে ‘অরোরাল রেডিও এমিশন’ বলে থাকেন।বিটা পিক্টোরিস বি বৃহস্পতির তুলনায় প্রায় ১২ গুণ বেশি ভরের একটি গ্যাসীয় গ্রহ। গবেষকদের হিসাবে, গ্রহটির চৌম্বক ক্ষেত্র বৃহস্পতির চেয়ে অন্তত ২০০ গুণ শক্তিশালী হতে পারে।এর আগে বৃহস্পতি, শনি ও সূর্যসহ সৌরজগতের বাইরে বিভিন্ন নক্ষত্র ও ব্রাউন ডোয়ার্ফে এ ধরনের রেডিও নির্গমন দেখা গেছে। তবে বহির্গ্রহের ক্ষেত্রে সংকেতটির উৎস নক্ষত্র নয়, সরাসরি গ্রহ এমন প্রমাণ পাওয়া কঠিন ছিল।আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোসেফ ক্যালিংহাম, যিনি গবেষণাটির সঙ্গে যুক্ত নন, বলেন, আগেও বহির্গ্রহ থেকে রেডিও তরঙ্গের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু সেসব ক্ষেত্রে সংকেতের উৎস নক্ষত্র হওয়ার সম্ভাবনা পুরোপুরি বাদ দেওয়া যায়নি। নতুন গবেষণার বিশেষত্ব হলো, সংকেতটি গ্রহটির সঙ্গে সরাসরি যুক্ত করা সম্ভব হয়েছে বলে গবেষকদের দাবি।বিজ্ঞানীদের মতে, বহির্গ্রহের চৌম্বক ক্ষেত্র তাদের গঠন ও বায়ুমণ্ডলের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ফলে রেডিও পর্যবেক্ষণ সৌরজগতের বাইরের গ্রহগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে নতুন তথ্য দিতে পারে। বিটা পিক্টোরিস নক্ষত্রমণ্ডলীর বয়স আনুমানিক ২ কোটি ৩০ লাখ বছর, যা আমাদের প্রায় ৪৫০ কোটি বছরের পুরোনো সৌরজগতের তুলনায় অত্যন্ত নবীন। বিটা পিক্টোরিস বি আবিষ্কৃত হয় ২০০৮ সালে। পরে এর আরও দুটি গ্রহ বিটা পিক্টোরিস সি ও ডি আবিষ্কৃত হয়েছে।

সৌরজগতের বাইরে প্রথম রেডিও সংকেত, মিলল শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের প্রমাণ