মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

একটু বৃষ্টিতেই ডুবে যায় সড়ক, বছরের পর বছর দুর্ভোগ বর্ণিবাসীর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নে সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় বর্ণি উচ্চ বিদ্যালয়ের পেছনের গুরুত্বপূর্ণ সড়ক। হাঁটুপানিতে ডুবে থাকা এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থীসহ শত শত মানুষ। দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বর্ষা এলেই চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা।স্থানীয়দের ভাষ্য, বর্ণি উচ্চ বিদ্যালয়ের মূল সড়ক থেকে পুরোনো হাটখোলা হয়ে গুচ্চ গ্রাম পর্যন্ত বিস্তৃত সড়কটি এলাকার মানুষের অন্যতম প্রধান চলাচলের পথ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি নিচু হয়ে গেছে। পাশাপাশি দেয়াল ও বিদ্যালয়ের ভবনের কারণে পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতা তৈরি হয়।সড়কটি দিয়ে বর্ণি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, আশ্রয়ণ প্রকল্পের ৩০টি পরিবারসহ প্রায় ৩০০ পরিবারের মানুষ নিয়মিত চলাচল করেন। পানি জমে থাকায় ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক চালকরাও বিপাকে পড়েন। পানির মধ্যে ব্যাটারিচালিত যান চলাচল করায় যান্ত্রিক ক্ষতির আশঙ্কাও রয়েছে।টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজী বলেন, রাস্তাটি আমার বাড়ির সংলগ্ন। বিদ্যালয়ের শিক্ষার্থী ও আশ্রয়ণ প্রকল্পের পরিবারসহ প্রায় ৩০০ পরিবারের চলাচলের একমাত্র পথ এটি। দ্রুত সড়ক সংস্কারের পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন।বর্ণি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির বলেন, সরেজমিনে গিয়ে রাস্তাটির দুরবস্থা দেখেছি। দ্রুত সমস্যাটি সমাধানের ব্যবস্থা করা হবে। ইউনিয়নের মানুষের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে বর্ষা মৌসুমের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যাতায়াতের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন স্থানীয়রা।

একটু বৃষ্টিতেই ডুবে যায় সড়ক, বছরের পর বছর দুর্ভোগ বর্ণিবাসীর