ববিতে সেইফগার্ডিং কার্যক্রম, ব্র্যাকের সহযোগিতা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের জন্য হয়রানি ও বৈষম্যমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সেইফগার্ডিং কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে কার্যক্রমটির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ বলেন, র্যাগিং, যৌন হয়রানি ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত আচরণ প্রতিরোধে সচেতনতা ও কার্যকর ব্যবস্থা জরুরি। তবে এসব বিষয়ে সঠিক সংজ্ঞা ও সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন, যাতে কেউ অযথা হয়রানি বা ভুল বিচারের শিকার না হন।তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী—সবার জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। ইতিবাচক কর্মপরিবেশ কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে ভূমিকা রাখে।উপাচার্য জানান, আগামী দুই বছর ব্র্যাকের সঙ্গে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত শিখা প্রকল্পের আওতায় আগামী দুই বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে ব্র্যাক।কার্যক্রমের আওতায় ক্যাম্পাসে বুলিং, যৌন হয়রানি, র্যাগিং ও কর্মক্ষেত্রে বৈষম্য প্রতিরোধে ধাপভিত্তিক উদ্যোগ নেওয়া হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সেইফগার্ডিং নীতিমালাবিষয়ক প্রশিক্ষণ এবং শিক্ষার্থী ও বিভিন্ন ক্লাবের সদস্যদের জন্য সচেতনতামূলক ওরিয়েন্টেশনের পরিকল্পনা রয়েছে।এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে লিঙ্গভিত্তিক সহিংসতা ও বুলিং প্রতিরোধে শর্টফিল্ম প্রতিযোগিতা ও উৎসব আয়োজন করা হবে।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অভিযোগ কমিটির আহ্বায়ক ড. রেহানা পারভীন, সদস্যসচিব হোসনেয়ারা ডালিয়া, সদস্য ড. সরদার কায়সার আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন সোশ্যাল কমপ্লায়েন্স বিভাগের পরিচালক এএফএম সাহিদুর রহমান, সিনিয়র ম্যানেজার সৈয়দ আমিন আল আনাস, ইশতিয়াক জাহান শোয়েফ, আব্দুল্লাহ আল মামুন ও রাশেদ-উজ-জামান ভূঁইয়া।