দোয়ারাবাজারে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে তিন মাসব্যাপী মানবিক সহায়তা কর্মসূচির সমাপনী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির শেষ দিনে উপজেলার ৯নং সুরমা ইউনিয়নের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।বুধবার (১৯ আগস্ট) সুরমা ভিএইচআই প্রাঙ্গণ ও ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৯নং সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ।অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বলেন, অকাল বন্যায় সুনামগঞ্জের কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন জাতীয় সংসদে বিষয়টি তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের মানবিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়। আজ শেষ দিনের মতো সফলভাবে এ সহায়তা বিতরণ করা হয়েছে।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে যাচাই-বাছাই করা তালিকা অনুযায়ী প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফুর রহমান।উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুরমা ইউনিয়নের বিপুলসংখ্যক উপকারভোগী কৃষক উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, তিন মাসব্যাপী এ মানবিক সহায়তা কার্যক্রম অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক চাপ কিছুটা কমাতে সহায়ক হবে।