সৈয়দপুরে বন্ধন শিল্পী গোষ্ঠীর ৩১ বছর পূর্তি উদযাপন
নীলফামারীর সৈয়দপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘সৈয়দপুর বন্ধন শিল্পী গোষ্ঠী’র ৩১ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সাহিত্য আড্ডা, আবৃত্তি প্রতিযোগিতা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের কয়ামিস্ত্রীপাড়ায় ‘আশার আলো ডাম স্কুল’ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সংস্কৃতিমনা সুধী, কবি ও সাহিত্যিকদের উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘শিকড়ের টানে ও স্বদেশের সুরে; একত্রিশ বছরের গৌরবান্বিত বন্ধন।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাহের আলী বসুনিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক আজহারুল ইসলাম আল আজাদ, কবি ও সাংবাদিক এম. আর. আলম ঝন্টু, কবি মনজুর আলম, আশার আলো ডাম ইউসিএলসির টেকনিক্যাল অফিসার মো. বিল্লাল হোসাইন এবং ছড়াকার অনন্য আমিনুল।স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি রইজ উদ্দিন রকি। তিনি সংগঠনের দীর্ঘ ৩১ বছরের পথচলার বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং স্বাধীন চেতনায় সুস্থ সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি সাংবাদিকতা ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দুই গুণী ব্যক্তিত্বকে ‘বন্ধন প্রতিষ্ঠাতা আব্দুর রহমান সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়।সম্মাননা পাওয়া দুই ব্যক্তি হলেন সাংবাদিক মো. আমিরুজ্জামান এবং প্রবীণ কণ্ঠশিল্পী শ্রী নিরোদ কুমার রায়। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা তাঁদের হাতে সম্মাননা স্মারক ও উত্তরীয় তুলে দেন।কবি রইজ উদ্দিন রকি ও কবি চন্দন চন্দ্র মহন্তের সঞ্চালনায় আলোচনা ও সম্মাননা পর্ব শেষে বিভিন্ন জেলা থেকে আগত কবিরা কবিতা পাঠ করেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক পর্বে বন্ধন শিল্পী গোষ্ঠীর স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা মাটির গান পরিবেশন করেন। সংগঠনের ৩১ বছরের পথচলা উদযাপনের এই আয়োজন কবি, সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।