আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাই অ্যালার্ট টুঙ্গিপাড়া
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।মঙ্গলবার বিকেল পর্যন্ত টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, পাটগাতী বাসস্ট্যান্ড, বাজার ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল দৃশ্যমান। সেনাবাহিনী, আনসার এবং পুলিশের যৌথ টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।প্রশাসনের সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আগের রাত থেকেই নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়। জনসমাগমস্থলগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী জানান, এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের মিছিল, সমাবেশ বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং প্রয়োজন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।তবে কঠোর নিরাপত্তার মধ্যেও টুঙ্গিপাড়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়তি নিরাপত্তা থাকলেও এলাকায় বড় ধরনের কোনো অস্থিরতার খবর পাওয়া যায়নি।