রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

সুনামগঞ্জে ১১০০ বই বিতরণ, শিক্ষার্থীদের বই বিনিময় উৎসব

সুনামগঞ্জে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ১১০০ শিক্ষাসহায়ক বই বিতরণ করেছে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে আয়োজন করা হয় বই বিনিময় উৎসব।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌর শহরের হুসেন বখত চত্বরে বই বিনিময় উৎসবের উদ্বোধন হয়। প্রায় এক হাজারের বেশি বই নিয়ে স্টল বসিয়ে দিনব্যাপী বই বিতরণ ও বিনিময় কার্যক্রম পরিচালনা করা হয়।আয়োজন থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের প্রয়োজনীয় বই, খাতা, কলম ও জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী সংগ্রহ করেন।সংগঠনের সভাপতি ওবায়দুল হক বলেন, শহরের বিভিন্ন বাসাবাড়ি ও লাইব্রেরি থেকে প্রায় ১১০০ শিক্ষাসহায়ক বই সংগ্রহ করা হয়েছে। পরে এসব বই প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীরা সেখান থেকে বই নিয়ে যাচ্ছে।তিনি জানান, এর আগেও বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দুইবার বই বিনিময় উৎসবের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, সাংবাদিক মাসুম হেলাল, সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহের, সুপ্রভা রাণী কর, কুদরত পাশা, সাংবাদিক আমিনুল হক, সাংবাদিক মো. শরীফ উদ্দিন, সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ আখঞ্জী, সহসভাপতি রনদয় সরকার, অর্থ সম্পাদক নিপেশ সরকার, প্রচার সম্পাদক মমিনা নূরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় বই ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং পারস্পরিকভাবে বই বিনিময়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

সুনামগঞ্জে ১১০০ বই বিতরণ, শিক্ষার্থীদের বই বিনিময় উৎসব