ফ্রান্সে জেমসের কনসার্ট, প্রবাসীদের উচ্ছ্বাস চরমে
ফ্রান্সের সারসেল শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’। এই আয়োজন ঘিরে দেশটির প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।রোববার (২ আগস্ট) সারসেলের স্টাড এমিল জোলা মাঠে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এ উৎসব। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি ও নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করাই এ আয়োজনের মূল লক্ষ্য।অফিওরা ও শাহ গ্রুপের যৌথ আয়োজনে উৎসবে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, দেশীয় ঐতিহ্যের নানা আয়োজন এবং প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা।এবারের প্রধান আকর্ষণ দেশের জনপ্রিয় রকশিল্পী ও নগর বাউলখ্যাত জেমসের কনসার্ট। তার সঙ্গে মঞ্চে থাকবেন ‘জলের গান’-এর রাহুল আনন্দ এবং ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি শিল্পীরা।দীর্ঘদিন পর ফ্রান্সে জেমসের সরাসরি পরিবেশনা ঘিরে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে বিশেষ আগ্রহ। অনেকেই বলছেন, প্রিয় শিল্পীর গান সামনে থেকে উপভোগ করার এটি হতে পারে স্মরণীয় সুযোগ।প্রবাসী বাংলাদেশি বেলাল আহমেদ বলেন, এর আগে জেমসের কনসার্টের টিকিট কিনেও অনুষ্ঠান বাতিল হওয়ায় তার ইচ্ছা পূরণ হয়নি। এবার প্রিয় শিল্পীকে সরাসরি মঞ্চে দেখার অপেক্ষায় রয়েছেন তিনি।আরেক দর্শক মিলি আক্তার বলেন, জেমসের গান জীবনের অনেক স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। প্রবাসে থেকেও তাকে সামনে থেকে গান গাইতে দেখা বড় আনন্দের বিষয়।
আয়োজকরা জানান, এই উৎসব শুধু বিনোদনের আয়োজন নয়, বরং ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, সংগীত ও ঐতিহ্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।