এক বছরে ট্রাম্পের সম্পদ বাড়ল ২.৭ বিলিয়ন ডলার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে ফোর্বস। সাময়িকীটির সেপ্টেম্বর ২০২৬-এর হিসাব অনুযায়ী, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের সময়ের তুলনায় ট্রাম্পের সম্পদ বেড়েছে প্রায় ২.৭ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় ২.৭ বিলিয়ন ডলারের পরিমাণ প্রায় ৩৩ হাজার কোটি টাকা অর্থাৎ মূল প্রতিবেদনে উল্লেখ করা ৩৩৪ কোটি টাকার হিসাবটি সঠিক নয়।ফোর্বসের হিসাবে, ট্রাম্পের সম্পদের সবচেয়ে বড় অংশ এখন ক্রিপ্টোকারেন্সি ও তরল সম্পদ, যার আনুমানিক মূল্য ২.৪ বিলিয়ন ডলার। এর মধ্যে রয়েছে তার নিজস্ব মিমকয়েন, পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল-এর টোকেন এবং অন্যান্য নগদ বা তরল সম্পদ। ফোর্বসের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, গত এক বছরে ট্রাম্পের তরল সম্পদের পরিমাণ বেড়ে প্রায় ১.৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ক্রিপ্টো-সম্পর্কিত বিভিন্ন লেনদেন ও সম্পদ বিক্রির মাধ্যমে এ খাতে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ট্রাম্পের গলফ ক্লাব ও রিসোর্টের আনুমানিক মূল্য ১.৮ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যে থাকা ১০টি গলফ কোর্স, ফ্লোরিডার মার-এ-লাগো এবং ট্রাম্প ন্যাশনাল ডোরাল এ সম্পদের বড় অংশ। ফোর্বসের হিসাবে, মার-এ-লাগোর মূল্য প্রায় ৬২০ মিলিয়ন ডলার এবং ট্রাম্প ন্যাশনাল ডোরালের মূল্য প্রায় ৩৬৫ মিলিয়ন ডলার। একই সঙ্গে লাইসেন্সিং ও ব্যবস্থাপনা ব্যবসার মূল্য আনুমানিক ৬৫৫ মিলিয়ন ডলার। অন্যদিকে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের মূল্য প্রায় ১ বিলিয়ন ডলার হিসেবে ধরা হয়েছে। তবে ২০২৬ সালে ট্রাম্পের মোট সম্পদ প্রায় ৩০০ মিলিয়ন ডলার কমেছে, যার পেছনে ট্রাম্প মিডিয়ার শেয়ারের মূল্য এবং কিছু ক্রিপ্টো সম্পদের দরপতন ভূমিকা রেখেছে বলে ফোর্বস জানিয়েছে।
ফোর্বসের এই হিসাব একটি আনুমানিক সম্পদমূল্য, সরাসরি নগদ আয় নয়। সম্পদের বাজারমূল্য, শেয়ারদর ও ক্রিপ্টোকারেন্সির দামের পরিবর্তনের কারণে এ ধরনের হিসাব সময়ের সঙ্গে উল্লেখযোগ্যভাবে ওঠানামা করতে পারে।