রোববার, ০৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

খাবারে বিষক্রিয়ার সন্দেহ, বমি-পেটব্যথায় চিকিৎসাধীন ৭ জন

নীলফামারীর সৈয়দপুরে বরের বাড়িতে বৌভাতের দাওয়াত খেয়ে কনের সাত আত্মীয় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খাবারে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন চিকিৎসকরা।শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানের পশ্চিমে খ্রিস্টানপাড়ায় এ ঘটনা ঘটে।অসুস্থ হয়ে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি সাতজন হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবপুর মাছুয়াপাড়ার লালটুর স্ত্রী বাবলি, নিরঞ্জনের স্ত্রী উজালী, হরিদের স্ত্রী সোনালী, হরিদাসের ছেলে আদি, ষষ্ঠী রায়ের ছেলে দিন কাটুন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দাগলাগঞ্জ এলাকার তৃপ্ত রায়ের ছেলে উজ্জ্বল এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়ার খুরশিদের ছেলে আলামিন।স্থানীয় সূত্রে জানা গেছে, খ্রিস্টানপাড়ার বাসিন্দা শুভর সঙ্গে কয়েকদিন আগে কামারপুকুর বকাতিপাড়ার বাদলের মেয়ে গৌরির বিয়ে হয়। শনিবার বৌভাতের আয়োজন শেষে বর-কনেকে নিয়ে যেতে কনের আত্মীয়স্বজন শুভর বাড়িতে আসেন।দাওয়াতের খাবার খাওয়ার পরপরই কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের পর্যায়ক্রমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. শাবাব বলেন, বমি ও প্রচণ্ড পেটব্যথা নিয়ে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফুড পয়জনিংয়ের কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন।তিনি আরও জানান, রোগীদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। তাদের ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। শারীরিক অবস্থার উন্নতি হলে তাদের ছাড়পত্র দেওয়া হবে।ঘটনাটি নিয়ে দাওয়াতে অংশ নেওয়া পরিবারগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে খাবারে বিষক্রিয়ার প্রকৃত কারণ নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

খাবারে বিষক্রিয়ার সন্দেহ, বমি-পেটব্যথায় চিকিৎসাধীন ৭ জন