সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

পিএসজি-গুগল চুক্তি, দলে যুক্ত হলো জেমিনি এআই

ফ্রান্সের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-এর সঙ্গে যুক্ত হলো নতুন এক ‘সহকারী’। তবে তাকে দেখা যাবে না মাঠে বা কোচ লুইস এনরিকের ডাগআউটে। ক্লাবটির আনুষ্ঠানিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী হিসেবে যুক্ত হয়েছে গুগলের জেমিনি।সোমবার গুগলের সঙ্গে নতুন অংশীদারত্বের ঘোষণা দেয় পিএসজি। চুক্তির আওতায় জেমিনি হবে ক্লাবটির অফিসিয়াল এআই সহকারী। একই সঙ্গে গুগল পিক্সেলকে পিএসজির আনুষ্ঠানিক স্মার্টফোন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।এই অংশীদারত্ব শুধু অনলাইন কার্যক্রমে সীমাবদ্ধ থাকবে না। প্যারিসের বিখ্যাত পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে গুগলের জন্য আলাদা একটি জায়গাও তৈরি করা হবে।তবে জেমিনিকে ঠিক কোন কোন কাজে ব্যবহার করা হবে, তা এখনো বিস্তারিত জানায়নি পিএসজি। ধারণা করা হচ্ছে, খেলোয়াড় ও দলের তথ্য বিশ্লেষণ, সমর্থকদের জন্য ব্যক্তিগত ডিজিটাল অভিজ্ঞতা তৈরি, ম্যাচের তথ্য উপস্থাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট তৈরিতে এআই প্রযুক্তি ব্যবহার করা হবে।জেমিনির মাধ্যমে বিশ্বজুড়ে থাকা পিএসজির সমর্থকদের সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে বলে মনে করছে ক্লাবটি। আধুনিক ফুটবলে তথ্য বিশ্লেষণ ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে, আর সেই ধারাতেই নতুন পদক্ষেপ নিল পিএসজি।ক্রীড়াঙ্গনে প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশীদারত্ব অবশ্য নতুন নয়। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে মাইক্রোসফটের চুক্তির মাধ্যমে ম্যাচের তাৎক্ষণিক তথ্য ও পরিসংখ্যান দিতে এআই প্রযুক্তির ব্যবহার শুরু হয়।গুগলের সঙ্গে নতুন চুক্তির মাধ্যমে প্রযুক্তিনির্ভর ফুটবলের পথে আরও এক ধাপ এগিয়ে গেল গত মৌসুমের ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজি।

পিএসজি-গুগল চুক্তি, দলে যুক্ত হলো জেমিনি এআই