মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

ফিফার বিশ্বকাপ পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টার পদত্যাগ

বিশ্বকাপসহ ফিফার বড় প্রতিযোগিতাগুলোতে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনার প্রতিবাদে পদত্যাগ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কোরদেইরো।শুক্রবার (৩১ জুলাই) তাৎক্ষণিকভাবে পদত্যাগের ঘোষণা দেন কোরদেইরো। এক বিবৃতিতে তিনি জানান, বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির বিষয়টি ফিফা বিবেচনা করার সময় এ বিষয়ে নীরব থাকা তার পক্ষে সম্ভব নয়।সাবেক মার্কিন ফুটবল ফেডারেশন সভাপতি কোরদেইরো বলেন, প্রস্তাব তৈরির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না এবং তিনি পুরোপুরি এর বিরোধিতা করছেন।জানা গেছে, বিশ্বকাপ ও অন্যান্য বড় প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে নতুন একটি প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করছেন ইনফান্তিনো। সম্ভাব্য প্রতিষ্ঠানটির মূল্য ধরা হয়েছে প্রায় ২ হাজার কোটি ডলার। এর সর্বোচ্চ ২০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪২০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা রয়েছে।কোরদেইরোর দাবি, এই পরিকল্পনা ফিফার সদস্য অ্যাসোসিয়েশন, বিশ্ব ফুটবল এবং খেলাটির দীর্ঘমেয়াদি ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে। তিনি প্রশ্ন তুলেছেন, বিপুল অর্থের মজুত থাকা সত্ত্বেও কেন ফুটবলের সবচেয়ে মূল্যবান সম্পদের অংশীদারত্ব বিক্রি করতে হবে।তিনি বলেন, গত কয়েক বছরে ফিফার আয় ও আর্থিক সক্ষমতা বিবেচনায় সদস্য দেশগুলোকে আরও সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে। তাই অতিরিক্ত অর্থ সংগ্রহের জন্য বিশ্বকাপের স্থায়ী অংশীদারত্ব বিক্রির প্রয়োজনীয়তা তিনি দেখছেন না।ইনফান্তিনোর পরিকল্পনার বিরুদ্ধে এরই মধ্যে অবস্থান নিয়েছে উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশন। ইউরোপের ৫৫টি দেশও প্রস্তাব বহাল থাকলে ফিফার প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্তের কথা জানিয়েছে।তবে ফিফা জানিয়েছে, সদস্য অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন ছাড়া নতুন প্রতিষ্ঠান গঠন করা হবে না। প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত জানানোর জন্য সদস্যদের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ২০২১ সালে ফিফার বৈশ্বিক কৌশল ও পরিচালনাবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন কার্লোস কোরদেইরো। পদত্যাগের সময় তিনি ফুটবলের দীর্ঘমেয়াদি স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

ফিফার বিশ্বকাপ পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টার পদত্যাগ