বুধবার, ২৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

ব্রাজিলের জার্সিকে বিদায় জানালেন নেইমার শেষ হলো ১৬ বছরের অধ্যায়

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর দেওয়া ইঙ্গিত এবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকা জানিয়েছেন, জাতীয় দলের হয়ে তার পথচলা শেষ হয়েছে। তবে পেশাদার ফুটবল চালিয়ে যাবেন তিনি।মঙ্গলবার কোপা সুদামেরিকানার প্লে-অফ ম্যাচে ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে সান্তোস। ম্যাচ শেষে ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান নেইমার।তিনি বলেন, “জাতীয় দলের সঙ্গে আমার অধ্যায় শেষ। সেখানে আমি ইতিহাস গড়েছি এবং খুব সুখী ছিলাম। হলুদ জার্সির জন্য নিজের সবকিছু দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।”এর আগে বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেই ম্যাচে বদলি হিসেবে নেমে যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেছিলেন নেইমার। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।নেইমারের বাবা তাকে খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করায় তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। তবে এবার নিজেই সব জল্পনার অবসান ঘটালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় নেইমারের। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩০ ম্যাচে তিনি করেছেন ৮০ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫৮টি গোল।ব্রাজিলের পুরুষ ফুটবল দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবেই বিদায় নিচ্ছেন নেইমার। জাতীয় দলের হয়ে তিনি ২০১৩ সালের কনফেডারেশনস কাপ ও ২০১৬ রিও অলিম্পিকের স্বর্ণপদক জিতেছেন।তবে বিশ্বকাপ ও কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বপ্ন অপূর্ণই রয়ে গেছে তার। জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে সান্তোসের হয়ে খেলা চালিয়ে যাবেন নেইমার। ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তি চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত রয়েছে।

ব্রাজিলের জার্সিকে বিদায় জানালেন নেইমার শেষ হলো ১৬ বছরের অধ্যায়