হাবিপ্রবিতে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের আয়োজনে ‘ফিন্যান্স ফুটবল ফিস্টা’ এর উদ্বোধন
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘ফিন্যান্স ফুটবল ফিস্টা-২০২৬’।সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টায়। বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাধুলার আনুষ্ঠানিক সূচনা করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জামাল উদ্দীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “কেবল প্রাতিষ্ঠানিক পড়াশোনাই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। একটি সুস্থ মন ও সুন্দর শরীরের জন্য খেলাধুলা অপরিহার্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা ধৈর্য, সহনশীলতা ও দলগতভাবে কাজ করার শিক্ষা লাভ করে। তাছাড়া একজন দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে উঠে নিজের বিশ্ববিদ্যালয় ও দেশের সুনাম বয়ে আনার সুযোগ রয়েছে।”ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একই বিভাগের অধ্যাপক ড. রনি কুমার দত্ত। উদ্বোধনী পর্বে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।উদ্ভোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করে এফসি ডানহিল ও মানি বলার্স ইউনাইটেড। এবারের আন্তঃলেভেল ফুটবল টুর্নামেন্টে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভিন্ন ব্যাচের সর্বমোট ৫টি দল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশগ্রহণ করছে।