মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ পাওয়ায় ভূরুঙ্গামারীতে ৩ ফার্মেসিকে ২৬ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং চিকিৎসকদের জন্য নির্ধারিত স্যাম্পল ওষুধ বিক্রির উদ্দেশ্যে রাখার অভিযোগে তিনটি ফার্মেসিকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৩ অক্টোবর) ভূরুঙ্গামারী উপজেলায় পরিচালিত অভিযানে বিসমিল্লাহ ফার্মেসি ও সেবা ফার্মেসিকে ৩ হাজার টাকা করে এবং জামতলার সুপার ফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(গ) ধারায় এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জামিলুর ইসলাম।অভিযানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের ড্রাগ সুপার হাফিজুর রহমান এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস), ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম।সহকারী কমিশনার (ভূমি) মো. জামিলুর ইসলাম জানান, অভিযানে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং সাধারণ মানুষের কাছে বিক্রি নিষিদ্ধ চিকিৎসকদের জন্য নির্ধারিত স্যাম্পল ওষুধ রাখার অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।অভিযানের পর ওষুধ ব্যবসায়ীদের সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন বিসিডিএসের ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম।পোস্টে তিনি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ, নকল, সরকারি ও স্যাম্পল ওষুধ না রাখা এবং ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স হালনাগাদ রাখার আহ্বান জানান।তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধ ব্যবসায়ীদের আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করা জরুরি। ওষুধের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।