সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার এক ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। ভবিষ্যতে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র প্রিন্ট করার ব্যবস্থা চালুর চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সময়ের প্রত্যেক শিক্ষার্থীই বৈশ্বিক নাগরিক। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের সেভাবে প্রস্তুত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত ও গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে এসে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি।তিনি আরও বলেন, বিগত সময়ে দেশের শিক্ষাব্যবস্থা অনেক পিছিয়ে গেছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে অবস্থানে শিক্ষাব্যবস্থাকে রেখে গিয়েছিলেন, বর্তমানে এসে তার চেয়ে অনেক পিছিয়ে পড়ার চিত্র দেখা যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকদের পুরস্কারশিক্ষার মানোন্নয়ন এবং মেধাবীদের উৎসাহিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, ভালো ফলাফল করা শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৫০০টি কম্পিউটার বিতরণ করা হয়েছে। পাশাপাশি ১০৭ জন সেরা শিক্ষককে পুরস্কৃত করা হয়েছে। ভবিষ্যতে দেশজুড়ে বিজ্ঞানীদেরও পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে।শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে গুগলের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, শ্রেণিকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাঠদান নিয়েও আলোচনা হয়েছে। তবে শিক্ষার্থীদের শুধু মুখস্থবিদ্যা কিংবা এআইয়ের ওপর নির্ভর না করে প্রকৃত জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে।শিক্ষামন্ত্রী বলেন, মুখস্থ করে আসা অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষের পাঠদান পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়ছে। এ কারণে শিক্ষকদের প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে প্রকল্পভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর ওপর গুরুত্ব দিতে হবে।কারিগরি শিক্ষা ও গবেষণায় গুরুত্বদেশে সাধারণ গ্র্যাজুয়েটের অভাব না থাকলেও প্রযুক্তিগত জ্ঞানে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। এ ঘাটতি পূরণে কারিগরি শিক্ষার প্রসার, গবেষণা এবং দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।তার বক্তব্য অনুযায়ী, ইউজিসির অধীনে ‘রিসার্চ অ্যান্ড হিট প্রজেক্টে’ প্রায় ৫ হাজার কোটি টাকার অনুদান বরাদ্দ দেওয়া হচ্ছে। এ ছাড়া চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন এবং পলিটেকনিক গ্র্যাজুয়েটদের বিশেষায়িত ডিগ্রি অর্জনের সুযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।বরিশাল বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্পবরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় তৃতীয় একাডেমিক ভবন, কেন্দ্রীয় অডিটোরিয়াম ও আবাসিক হল নির্মাণে অর্থায়ন অনুমোদনের কথা জানান শিক্ষামন্ত্রী। ২০২৬ সাল থেকে তৃতীয় পর্যায়ের আবাসিক হল নির্মাণ প্রকল্প শুরুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বাড়াতে সরকার অনুমোদিত ২০০টি ইলেকট্রিক বাসের মধ্যে দুটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সম্প্রসারণে জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে বলেও উল্লেখ করেন।পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ বাড়ানোর উদ্যোগদেশের মানবসম্পদকে প্রধান জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। প্রতিবছর দেশে প্রায় ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার শিক্ষার্থী ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে প্রায় ১০ হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যায়।বাকি শিক্ষার্থীদের দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়, সে লক্ষ্যে ভর্তি পরীক্ষার কাঠামো পরিবর্তনের জন্য ইউজিসিকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।উদ্যোক্তা তৈরিতে গুরুত্বশিক্ষার্থীদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান ড. আ ন ম এহছানুল হক মিলন। এ জন্য শিক্ষাব্যবস্থায় উদ্যোক্তা তৈরির উপযোগী পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ওপর জোর দেন তিনি।শিক্ষা খাতে বাজেট জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ বা ৮৭ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ২ শতাংশ বা ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। ভবিষ্যতে শিক্ষা বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার এক ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী