বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

বেড়ায় ১০ লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

পাবনার বেড়া উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও জাল তৈরির সরঞ্জামের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৩০০টির বেশি চায়না দুয়ারী জাল, জাল তৈরির মেশিন ও বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বেড়া বাজার সংলগ্ন বনগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বনগ্রাম এলাকার ঈশ্বর নামের এক জাল ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।অভিযানে ওই বাড়ি থেকে ৩০০ পিসের বেশি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, জাল তৈরির আধুনিক মেশিন ও অন্যান্য কাঁচামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকার বেশি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।তবে অভিযান চলাকালে অভিযুক্ত ব্যবসায়ী ঈশ্বরকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, অভিযুক্তকে না পাওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো সাজা বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে দেশের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।তিনি আরও জানান, নদী ও খালের জীববৈচিত্র্য ধ্বংসকারী নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।পরে উদ্ধার করা জাল ও জাল তৈরির সরঞ্জাম জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোকাররম হোসেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেড়া মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

বেড়ায় ১০ লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস