শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

কর্মকর্তাদের হুমকির অভিযোগ, ‘ভুল বোঝাবুঝি’ বললেন চেয়ারম্যান কবির

সাতক্ষীরা সদর উপজেলার ১০ নম্বর আগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন মিলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সভায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগের পর আত্মপক্ষ সমর্থনে চেয়ারম্যান বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে দাবি করেছেন।গত ২৭ জুলাই (সোমবার) সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনার সময় চেয়ারম্যান কবির হোসেন মিলনের সঙ্গে সমাজসেবা কর্মকর্তা মো. শরিফুল ইসলামের বাকবিতণ্ডার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। পরে প্রতিবাদ জানাতে গেলে সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলমকেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর চেয়ারম্যান কবির একটি প্রতিবাদ বার্তা দিয়ে অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, সভায় স্বাভাবিক আলোচনা হয়েছে এবং বিষয়টি ভুল বোঝাবুঝির কারণে তৈরি হয়েছে।তবে প্রশাসনিক মহলে প্রশ্ন উঠেছে, যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে থাকে, তাহলে ‘ভুল বোঝাবুঝি’ ব্যাখ্যার প্রয়োজন কেন হলো।সভায় উপস্থিত কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, সরকারি সমন্বয় সভায় জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো জনগণের সমস্যা নিয়মতান্ত্রিকভাবে তুলে ধরা। কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বা বিশৃঙ্খলা গ্রহণযোগ্য নয়।এদিকে চেয়ারম্যান কবির হোসেন মিলনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে বলে জানা গেছে।চেয়ারম্যানের বিরুদ্ধে অতীতে ভিডব্লিউবি (সাবেক ভিজিডি) কর্মসূচির সরকারি চাল আত্মসাতের অভিযোগও আলোচনায় আসে। অভিযোগ অনুযায়ী, তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়ার অভিযানে তাঁর স্বজন ও ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক ব্যক্তির বাড়ি থেকে ১৭ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।তবে এসব অভিযোগের বিষয়ে চেয়ারম্যান পক্ষ থেকে বিভিন্ন সময়ে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে।সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত জানিয়েছেন, সরকারি সভায় শৃঙ্খলাভঙ্গ বা অসৌজন্যমূলক আচরণের কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন ও স্থানীয় সচেতন মহলের দাবি, জনপ্রতিনিধিদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

কর্মকর্তাদের হুমকির অভিযোগ, ‘ভুল বোঝাবুঝি’ বললেন চেয়ারম্যান কবির