প্রবাসে ইমান ও ইসলামী মূল্যবোধ অটুট রাখার পাশাপাশি সংশ্লিষ্ট দেশ এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।শনিবার (২১ নভেম্বর) অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জনশক্তির উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।ডা. শফিকুর রহমান বলেন, একজন মুসলমান পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুন না কেন, সব অবস্থায় তাঁর ইমান ও ইসলামী মূল্যবোধ অটুট রাখতে হবে। প্রবাসীদের জীবন যেন শুধু কর্মজীবন ও ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ না থাকে। বরং বিদেশে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা নিজ দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কার, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে প্রবাসীদের আরও উদ্যোগী ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।দেশের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা অটুট রাখার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, নিজেদের পেশাগত দক্ষতা, সততা ও যোগ্যতার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে। একই সঙ্গে প্রবাসে অর্জিত অভিজ্ঞতা দেশের উন্নয়ন ও রাষ্ট্র সংস্কারে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।এ ছাড়া অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সভায় অংশগ্রহণ করেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।