ঘুষ কেলেঙ্কারি: প্রবাসী কল্যাণ বোর্ড ও ব্যাংকের ৩ কর্মচারী বরখাস্ত
ঘুষ গ্রহণ ও অনিয়মের অভিযোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড–এর দুই কর্মচারী এবং প্রবাসী কল্যাণ ব্যাংক–এর একজন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।বরখাস্তকৃত কর্মচারীরা হলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিরাপত্তা প্রহরী মোঃ শফি উদ্দিন, অফিস সহায়ক পলাশ চন্দ্র রায় এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম।অভিযোগ অনুযায়ী, সৌদি আরবে মৃত্যুবরণকারী প্রবাসী কর্মী মোঃ কাইয়ুমের পরিবারের অনুকূলে আর্থিক অনুদান প্রদান এবং ঋণ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে তারা ভুক্তভোগীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ গ্রহণ করেন।এ ঘটনায় নিউজ ২৪-এর সাংবাদিক সাজ্জাদ হোসাইন এবং ভুক্তভোগী পরিবার ভিডিও প্রমাণসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক-এর কাছে অভিযোগ দায়ের করেন।পরবর্তীতে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্ত করে সত্যতা নিশ্চিত করেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। তিনি বলেন, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সেবায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানির ক্ষেত্রে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করা হবে।
বরখাস্তকৃতরা বিধি অনুযায়ী সাময়িক বরখাস্তকালীন সময়ে খোরপোশ ভাতা পাবেন বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ ব্যাংকের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে।