ভুরুঙ্গামারীতে ‘প্রথম হাসি’, ডিজিটাল স্বাস্থ্যসেবার নতুন উদ্যোগ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে তরুণদের উদ্যোগে চালু হয়েছে ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘প্রথম হাসি’।উদ্যোক্তারা জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের কাছে দ্রুত ও সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্ল্যাটফর্মটির মাধ্যমে চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা, প্রাথমিক চিকিৎসা বিষয়ে নির্দেশনা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্য ডিজিটাল মাধ্যমে দেওয়া হবে।বিশেষ করে প্রত্যন্ত এলাকার অসহায়, নিম্ন আয়ের ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের কথা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।‘প্রথম হাসি’ প্রকল্পের উদ্যোক্তারা বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা সবার কাছে পৌঁছে দেওয়া জরুরি। প্রযুক্তির সহায়তায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখাই তাদের উদ্দেশ্য।স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তাদের মতে, এমন কার্যক্রম প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা গ্রহণ সহজ করার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।