বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

প্রত্যুষা আত্মহত্যা মামলা: ১০ বছর পর প্রেমিক রাহুলের অব্যাহতি

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির আত্মহত্যার মামলায় প্রায় এক দশক পর বড় আইনি মোড় এসেছে। ‘বালিকা বধূ’খ্যাত এই অভিনেত্রীর প্রেমিক ও লিভ-ইন সঙ্গী রাহুল রাজ সিংকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন বম্বে হাইকোর্ট।বুধবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি শিবকুমার দিঘের বেঞ্চ রাহুলের দায়মুক্তির আবেদন মঞ্জুর করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রত্যুষার মৃত্যুর আগে রাহুলের সঙ্গে হওয়া শেষ কথোপকথনটি মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে।২০১৬ সালের ১ এপ্রিল মুম্বাইয়ের নিজ ফ্ল্যাট থেকে ২৪ বছর বয়সী প্রত্যুষাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাহুল তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে বিবেচনা করা হয়।প্রত্যুষার মৃত্যুর পর তার বাবা-মা রাহুলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন। তাদের অভিযোগ ছিল, রাহুল অভিনেত্রীকে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে নির্যাতন করতেন। তার হয়রানি ও নির্যাতনের কারণেই প্রত্যুষা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলেও তারা দাবি করেন।এরপর রাহুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, হেনস্তা ও ভয় দেখানোর মতো অভিযোগে মামলা করা হয়।পরবর্তী সময়ে ডিনডোশি দায়রা আদালত রাহুলের দায়মুক্তির আবেদন খারিজ করে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত দেন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন রাহুল।আদালতে রাহুলের আইনজীবী আবাদ পোন্ডা ও শ্রেয়াংশ মিথারে যুক্তি দেন, মৃত্যুর আগে প্রত্যুষার সঙ্গে রাহুলের শেষ কথোপকথন মামলার গুরুত্বপূর্ণ দিক। তাদের বক্তব্য অনুযায়ী, ওই কথোপকথনে রাহুলকে প্রত্যুষাকে কোনো চরম পদক্ষেপ না নেওয়ার জন্য অনুরোধ করতে শোনা যায়। পাশাপাশি তিনি প্রত্যুষাকে আশ্বস্ত করে তার সঙ্গে দেখা করতে আসার কথাও বলেন।অন্যদিকে, ওই কথোপকথনে প্রত্যুষাকে নিজের পরিস্থিতির জন্য বাবা-মাসহ আশপাশের কয়েকজনকে দায়ী করতে শোনা যায় বলে আদালতে যুক্তি দেওয়া হয়।রাহুল ও প্রত্যুষা দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন। ২০১৬ সালেই প্রত্যুষার মৃত্যুর ঘটনায় এই কথোপকথনের বিষয়টি বিবেচনায় নিয়ে বম্বে হাইকোর্ট রাহুলকে আগাম জামিন দিয়েছিল। মাত্র ২৪ বছর বয়সে প্রত্যুষার মৃত্যু ভারতীয় টেলিভিশন অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ‘বালিকা বধূ’ ধারাবাহিকে আনন্দী চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। দীর্ঘ ১০ বছরের আইনি প্রক্রিয়ার পর বম্বে হাইকোর্টের সর্বশেষ সিদ্ধান্তে রাহুলের বিরুদ্ধে চলা মামলায় অব্যাহতির পথ তৈরি হলো।

প্রত্যুষা আত্মহত্যা মামলা: ১০ বছর পর প্রেমিক রাহুলের অব্যাহতি