সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ প্রতারক গ্রেফতার
রাজশাহী মহানগরীতে সাংবাদিক পরিচয় দিয়ে এক অটোচালকের কাছ থেকে ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া প্রতারণা মামলার আসামি পাভেল ইসলাম মিমুলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টার দিকে নগরীর মতিহার থানার কাজলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিমুল নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারী বাবর আলী সড়ক এলাকার বাসিন্দা।মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকারিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কাজলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।পুলিশ জানায়, সাংবাদিক পরিচয়ে ২৫ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে ভুক্তভোগী অটোচালক মঞ্জুর মতিহার থানায় মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ৫০৬(২) ধারায় রুজু করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্যক্তিগত প্রয়োজনে মঞ্জুর একটি গ্যারেজে তার মহাজনের ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধক রেখে ২৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। পরে অটোরিকশাটি ছাড়িয়ে আনার জন্য তিনি পরিচিত এক ব্যক্তির সহায়তা চান। এ সময় পাভেল ইসলাম মিমুল নিজেকে একটি জাতীয় দৈনিকের সাংবাদিক এবং একটি সাংবাদিক সংগঠনের বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দেন।অভিযোগ অনুযায়ী, অটোরিকশা ছাড়িয়ে এনে দেওয়ার আশ্বাস দিয়ে মঞ্জুরের কাছ থেকে ২৫ হাজার টাকা নেন মিমুল। কিন্তু রাতভর অপেক্ষার পরও তিনি অটোরিকশা নিয়ে ফিরে আসেননি। পরে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।ভুক্তভোগীর অভিযোগ, পরদিন যোগাযোগ করা হলে মিমুল টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং তাকে গালিগালাজ ও হুমকি দেন। এ ঘটনায় তিনি থানায় প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করেন।দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতার পর বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।