বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় বাজারেও। দেশটিতে নতুন করে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। নতুন দরে পেট্রোলের দাম সর্বোচ্চ ১৬.৬ শতাংশ এবং ডিজেলের দাম ১১.৬ শতাংশ পর্যন্ত বেড়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে দেশজুড়ে নতুন জ্বালানি মূল্য কার্যকর হয়েছে। এর আগে বুধবার রাতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে নতুন দর ঘোষণা করে দেশটির জ্বালানি মূল্য কমিটি।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বর মাসে প্রতি লিটার ৩.৬১ দিরহাম থাকা পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৪.২১ দিরহাম। অর্থাৎ প্রতি লিটারে দাম বেড়েছে ৬০ ফিলস বা প্রায় ১৬.৬ শতাংশ।অন্যদিকে, অকটেনের দাম ৩.৬৯ দিরহাম থেকে বেড়ে ৪.২৮ দিরহাম হয়েছে। ডিজেলের দামও প্রতি লিটার ৪.৩০ দিরহাম থেকে বেড়ে ৪.৮০ দিরহাম নির্ধারণ করা হয়েছে। এছাড়া সুপার ৯৮ গ্রেডের পেট্রোলের দাম ৩.৮০ দিরহাম থেকে বেড়ে ৪.৪০ দিরহাম হয়েছে।সংযুক্ত আরব আমিরাতে সাধারণত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে খুচরা জ্বালানির দাম পর্যালোচনা করা হয়। এরপর পরবর্তী মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়।তেল উৎপাদনকারী দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। দেশটির আবুধাবি অঞ্চলের বড় তেলক্ষেত্রগুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল উৎপাদিত হয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (অ্যাডনক) এসব কার্যক্রম পরিচালনা করে। বিশ্ববাজারের অস্থিরতার মধ্যেই দেশটির স্থানীয় বাজারে জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত এলো। আন্তর্জাতিক জ্বালানি বাজারের পরিবর্তন এবং দেশটির জ্বালানি নীতির ওপর নজর রাখছেন সংশ্লিষ্টরা।