বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

পেজেশকিয়ানের ভাষণে জাতিসংঘ অধিবেশন থেকে যুক্তরাষ্ট্রের ওয়াকআউট

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ভাষণ শুরু হওয়ার পরপরই কক্ষ থেকে বেরিয়ে যায় মার্কিন প্রতিনিধিদল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ানের বক্তব্যের শুরুতেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ওয়াকআউট করে। বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে পেজেশকিয়ান ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ইরানিরা ‘সন্ত্রাসবাদের শিকার’ হয়েছে এবং যুদ্ধের সময় একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী হামলার কথাও উল্লেখ করেন। এ সময় তিনি হামলায় নিহত শিশুদের ছবি ও ধ্বংসস্তূপের ছবি প্রদর্শন করেন।পেজেশকিয়ান বলেন, ইরান পারমাণবিক প্রযুক্তি চায় ‘প্রগতির জন্য’, অস্ত্র দিয়ে কোনো সমাজকে হুমকি দেওয়ার জন্য নয়। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা ও সমন্বয়ের জন্য তেহরান প্রস্তুত বলেও জানান। ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ কখনো মাথা নত করবে না বা নতজানু হবে না। তবে সংঘাতের অবসানে কূটনীতির পথ খোলা রাখার কথাও জানান তিনি। তাঁর ভাষণে যুক্তরাষ্ট্রের ‘ধমক’ মোকাবিলায় প্রকৃত শান্তি ও স্থিতিশীলতার জন্য অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতার আহ্বান উঠে আসে।হরমুজ প্রণালি নিয়েও সতর্কবার্তা দেন পেজেশকিয়ান। তিনি বলেন, এই জলপথকে ব্যবহার করে কোনো দেশ ইরানের ওপর আগ্রাসন চাপিয়ে দিতে পারবে না। ভাষণে পেজেশকিয়ান আরও দাবি করেন, ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। তাঁর অভিযোগ, ইরানের পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের নামে তেহরানের ওপর চাপ সৃষ্টি করা হলেও ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে একই ধরনের চাপ দেখা যায় না। পেজেশকিয়ান এই অবস্থানকে পশ্চিমা বিশ্বের ‘দ্বিচারিতা’ হিসেবে বর্ণনা করেন। তাঁর বক্তব্যের সময়ই মার্কিন প্রতিনিধিদল অধিবেশন কক্ষ ত্যাগ করে। 

পেজেশকিয়ানের ভাষণে জাতিসংঘ অধিবেশন থেকে যুক্তরাষ্ট্রের ওয়াকআউট