খানসামায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬, কৃষি ও পুষ্টিতে গুরুত্ব
দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের “পার্টনার” কর্মসূচির আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ কংগ্রেসে কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে স্থানীয় কৃষক-কৃষাণীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করা জরুরি এবং পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আফজাল হোসেন, সঞ্জয় দেবনাথ এবং উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার। তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং তরুণদের কৃষিভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা।দিনব্যাপী কংগ্রেসে অংশগ্রহণকারীরা আধুনিক কৃষি পদ্ধতি, পুষ্টিকর খাদ্য উৎপাদন, বাজার সংযোগ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ে ধারণা লাভ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আয় বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে টেকসইভাবে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।