সীমান্তে ফের উত্তেজনা দিল্লি বৈঠকের পরও থামছে না পুশইন আতঙ্ক
ভারত–বাংলাদেশ সীমান্তে অনাকাঙ্ক্ষিত ‘পুশইন’ ইস্যু নিয়ে উত্তেজনা কিছুতেই থামছে না। দিল্লিতে বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সাময়িক সমাধানের আশা দেখা গেলেও বাস্তবে সীমান্ত পরিস্থিতিতে কোনো স্থায়ী পরিবর্তন আসেনি বলে অভিযোগ উঠেছে।রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীসহ বিস্তীর্ণ সীমান্ত এলাকায় রাতের আঁধারে অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক ঘটনায় একাধিক স্পর্শকাতর পয়েন্ট দিয়ে শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা।সীমান্ত এলাকায় কাঁটাতারের অভাব, সীমিত জনবল এবং প্রযুক্তিগত ঘাটতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে জানিয়েছেন মাঠপর্যায়ের বিজিবি কর্মকর্তারা। তাদের ভাষ্য অনুযায়ী, সীমান্তজুড়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হলেও বিশাল ভৌগোলিক সীমার কারণে নজরদারিতে চ্যালেঞ্জ রয়ে গেছে।রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান জানান, সীমান্তে ২৪ ঘণ্টা টহল ও স্থানীয় জনগণের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য কূটনৈতিক ও নীতিগত উদ্যোগ আরও জোরদার করা জরুরি।
এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সীমান্ত ইস্যু এখন শুধু নিরাপত্তার নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতারও প্রতিফলন। মানবাধিকার, আঞ্চলিক যোগাযোগ এবং বহুপাক্ষিক চ্যানেল সক্রিয় না করলে সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।