রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনৈতিক দল বিবেচনা করা হবে না : খুলনা ডিআইজি

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো রাজনৈতিক দল বা পরিচয় বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।রোববার (২৬ জুলাই) সকালে খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।ডিআইজি বলেন, “অপরাধীদের কোনো পরিচয় নেই। রাজনৈতিক পরিচয় বা কোনো দলের সঙ্গে সম্পৃক্ততার ভিত্তিতে নয়, অপরাধের ধরন ও প্রমাণের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”তিনি বলেন, প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। প্রচলিত পুলিশিংয়ের পাশাপাশি গোয়েন্দা তথ্যনির্ভর (ইন্টেলিজেন্স বেসড), প্রযুক্তিনির্ভর (টেক বেসড) এবং কমিউনিটি এনগেজমেন্টভিত্তিক পুলিশিংয়ের সমন্বয়ে খুলনা রেঞ্জে কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা গড়ে তোলা হবে।মো. মোস্তাফিজুর রহমান বলেন, অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগাম তথ্য সংগ্রহ করে প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হবে। এ ক্ষেত্রে মোবাইল প্রযুক্তি, ডিজিটাল তথ্য-উপাত্ত ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।তিনি আরও বলেন, বর্তমান সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণকে সম্পৃক্ত করেই পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হবে। জনগণের আস্থা অর্জন ও নিরাপদ পরিবেশ তৈরিতে পুলিশ কাজ করবে।গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে ডিআইজি বলেন, পুলিশের কার্যক্রম মূল্যায়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশের ভুলত্রুটি নিয়ে গঠনমূলক সমালোচনা সেবার মান উন্নয়নে সহায়ক হবে। মতবিনিময় সভায় খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনৈতিক দল বিবেচনা করা হবে না : খুলনা ডিআইজি