পুঠিয়ায় আদিবাসীদের বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
রাজশাহীর পুঠিয়ায় আদিবাসীদের বাড়ি ভাঙচুর, লুটপাট এবং বসতভিটা দখলের অভিযোগ উঠেছে। একই সঙ্গে জোর করে মাছ ধরার পুকুর দখল ও গাছপালা কেটে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।ভুক্তভোগী রাসন্তি অভিযোগ করেন, তার পিতার জমিতে বসবাসরত অবস্থায় হঠাৎ কিছু লোক দলবদ্ধভাবে এসে তাদের বাড়িঘর ভেঙে দেয় এবং ঘরে থাকা নগদ অর্থসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।আরেক ভুক্তভোগী কাকলি বলেন, নির্ধারিত বৈঠকের দিন থাকা সত্ত্বেও প্রতিপক্ষরা কোনো আলোচনায় না গিয়ে সরাসরি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়। তিনি দাবি করেন, জমির বৈধ দলিল থাকা সত্ত্বেও তাদের উচ্ছেদের চেষ্টা চলছে।প্রতিবেশী বাসন্তী জানান, তিনি ও তার মেয়ে বাড়িতে অবস্থানকালে কোনো কথা না বলে দলবদ্ধভাবে এসে হামলা চালানো হয় এবং সবকিছু লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগীরা সহর উদ্দিনের ওয়ারিশদের কাছ থেকে জমি কেনার কথা উল্লেখ করে বলেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের ওপর দখল ও হামলার চেষ্টা করা হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।