রাঙামাটিতে এশিয়া পোস্ট উদ্বোধন, বস্তুনিষ্ঠ সংবাদে গুরুত্বারোপ
অপপ্রচার ও গুজব রোধে নতুন গণমাধ্যম এশিয়া পোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ১০টায় রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় এশিয়া পোস্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তাই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রচারে সকলকে এগিয়ে আসতে হবে। পার্বত্য চট্টগ্রামের রাজনীতি, সমাজ ও মানুষের বাস্তব চিত্র নিরপেক্ষভাবে তুলে ধরার জন্য এশিয়া পোস্ট ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।মন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সময় বিভ্রান্তি ও অপপ্রচার ছড়ানো হয়, যা অনেক সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হিসেবে ব্যবহৃত হয়। এসব ক্ষেত্রে এশিয়া পোস্ট সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সাংবাদিকতা যখন নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এশিয়া পোস্টের যাত্রা নতুন আশা তৈরি করেছে। বিশেষ করে মফস্বল সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ সংবাদমাধ্যমের ইতিহাসে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের ১৩টি জাতিগোষ্ঠীর মানুষের জীবন, সংস্কৃতি, সংকট ও সম্ভাবনা সারাদেশের সামনে তুলে ধরতে এশিয়া পোস্ট গুরুত্বপূর্ণ অবদান রাখবে।