রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

বেড়ায় সংঘবদ্ধ চোর চক্রের উপদ্রব: এক সপ্তাহে ১৫-২০ বাড়িতে চুরি

পাবনার বেড়া পৌর এলাকায় সংঘবদ্ধ চোর চক্রের উপদ্রব বেড়েছে। স্থানীয়দের দাবি, গত এক সপ্তাহে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় অন্তত ১৫ থেকে ২০টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দাশপাড়া, নীলমণি দত্ত কর্মকারপাড়া ও কর্মকারপাড়াসহ আশপাশের এলাকাগুলোতে চুরির ঘটনা বেশি ঘটছে।স্থানীয়দের অভিযোগ, চোরেরা বিভিন্ন বাড়ি থেকে ৪০টিরও বেশি গ্যাসের রাইজার, পানির মোটর, টিউবওয়েল ও ঘরের টিন খুলে নিয়ে গেছে। কোনো কোনো বাড়িতে মাত্র তিন দিনের ব্যবধানে দুইবারও চুরি হয়েছে।এক রাতেই দুই রাইজার চুরিসম্প্রতি নীলমণি দত্ত কর্মকারপাড়ায় এক রাতেই দুটি গ্যাসের রাইজার চুরি হয়। কর্মকারপাড়ার নিমাই কর্মকারের দুটি এবং দাশপাড়ার সত্য কর্মকারের একটি রাইজারও চুরি গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।এ ছাড়া দাশপাড়ার দিলীপ দাসের পানির মোটর এবং লাল নন্দীর বাড়ির টিউবওয়েল ও টিন চুরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।বারবার চুরির শিকার এক ভুক্তভোগী বলেন, “আমাদের বাড়িতে মাত্র তিন দিনের ব্যবধানে দুইবার গ্যাসের রাইজার চুরি হয়েছে। রাইজার হারিয়ে রান্নাবান্না বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছি। রাতে পাহারা দিয়েও চোর ঠেকানো যাচ্ছে না।”তার অভিযোগ, নতুন করে গ্যাস সংযোগের জন্য বাড়তি খরচ ও নানা ঝামেলায় পড়তে হচ্ছে তাদের।রাতে বাড়ছে আতঙ্কচুরির ঘটনায় সন্ধ্যার পর থেকেই বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বাসিন্দারা নিজেদের উদ্যোগে রাত জেগে পাহারা দিলেও চুরি ঠেকাতে হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন তারা।এলাকাবাসীর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে পুলিশি টহল বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে সংঘবদ্ধ চোর চক্রের সদস্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।অভিযোগ পেলে ব্যবস্থা: পুলিশবেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, চুরির বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি।তিনি বলেন, অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, একের পর এক চুরির ঘটনায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। তাই লিখিত অভিযোগের পাশাপাশি এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

বেড়ায় সংঘবদ্ধ চোর চক্রের উপদ্রব: এক সপ্তাহে ১৫-২০ বাড়িতে চুরি