পাবনার জ্যেষ্ঠ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই, সাংবাদিক মহলে শোকের ছায়া
পাবনার জ্যেষ্ঠ সাংবাদিক, প্রেসক্লাব পাবনার সহ-সভাপতি এবং জাতীয় দৈনিক বণিক বার্তার পাবনা জেলা প্রতিনিধি খন্দকার শফিউল আলম দুলাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।তাঁর মৃত্যুতে পাবনার সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ সাংবাদিকতা জীবনে সততা, সাহসিকতা ও পেশাগত দায়িত্বশীলতার মাধ্যমে তিনি সহকর্মী ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা অর্জন করেছিলেন।১৯৬০ সালে পাবনা শহরের গোবিন্দা মৌজার দেওয়ানবাড়ি এলাকায় জন্মগ্রহণ করেন খন্দকার শফিউল আলম দুলাল। তাঁর পিতা মরহুম মহাসিন আলম এবং মাতা মরহুমা ফাতেমা খাতুন। কর্মজীবনে তিনি একাধিক জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে দায়িত্ব পালন করেন। ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে দৈনিক বণিক বার্তার পাবনা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।সাংবাদিকতার পাশাপাশি পাবনার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল। প্রেসক্লাব পাবনার বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন।খন্দকার শফিউল আলম দুলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রেসক্লাব পাবনা, পাবনা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।এক যৌথ শোকবার্তায় প্রেসক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব ও সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু বলেন, খন্দকার শফিউল আলম দুলাল ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন। তাঁর প্রয়াণে সাংবাদিক সমাজে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।পাবনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম বাসিদ ও সাধারণ সম্পাদক শামসুল আলম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এছাড়া দৈনিক জীবন কথা সম্পাদক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, দৈনিক উন্নয়নের কথা সম্পাদক আবুল হাসেম, দৈনিক এ যুগের দ্বীপ সম্পাদক ওমর সরকার এবং দৈনিক বিপ্লবী সময় সম্পাদক সোহেল রানা বিপ্লবসহ জেলার কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।শোক প্রকাশকারী নেতৃবৃন্দ বলেন, পাবনাবাসী একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক, কলমযোদ্ধা ও সংগঠককে হারিয়েছে। তাঁর কর্ম, আদর্শ ও স্মৃতি সহকর্মীদের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।