অর্ধকোটি টাকা প্রতারণা মামলায় বিএনপি নেতা কারাগারে
পাবনার ভাঙ্গুড়ায় সরকারি সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানা-কে কারাগারে পাঠিয়েছেন আদালত।বুধবার (১০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম। এর আগে মঙ্গলবার (৯ জুন) পাবনার আমলি আদালত-৪ এ জামিন আবেদন করলে বিচারক বেবী নাজনীন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলার নথি অনুযায়ী, সরকারি কার্ড, ভিজিডি সুবিধা, পানির পাম্প ও ঘর দেওয়ার প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন এলাকার অন্তত ৩৫ জনের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে ভুক্তভোগীদের অভিযোগে থানায় মামলা হয়।জানা যায়, গত ৫ জুন রাতে ক্ষুব্ধ ভুক্তভোগীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে তিনি পরবর্তীতে চিকিৎসার অজুহাতে থানা থেকে পালিয়ে যান।স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রানা বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।এদিকে এই ঘটনার সংবাদ প্রকাশ করায় দৈনিক কালের কণ্ঠের ভাঙ্গুড়া প্রতিনিধি মাসুদ রানা-এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে, যা নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সাংবাদিক সংগঠনগুলো এ ঘটনাকে নিন্দা জানিয়ে দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছে।