টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। টানা বৃষ্টিতে গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অনেক বসতঘর, রান্নাঘর ও বাথরুমে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মধ্যপাড়া গ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। কয়েক দিনের টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। কোথাও কোথাও বসতঘরের ভেতর পর্যন্ত পানি ঢুকে পড়েছে।সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রান্না নিয়ে। অনেক পরিবারের রান্নাঘর পানিতে তলিয়ে যাওয়ায় চুলা জ্বালানো সম্ভব হচ্ছে না। ফলে কেউ অল্প খাবার খেয়ে দিন পার করছেন, আবার কেউ বাইরে থেকে খাবার কিনে আনতে বাধ্য হচ্ছেন। শিশু ও বয়স্কদের নিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।এদিকে পানিতে ডুবে গেছে গ্রামের বিভিন্ন সড়ক। ফলে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হতে গিয়েও বিপাকে পড়ছেন স্থানীয়রা। একই সঙ্গে কবরস্থান পানিতে তলিয়ে যাওয়ায় দাফন নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা থাকলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা এলেই একই পরিস্থিতির সৃষ্টি হয়। এবার টানা বৃষ্টিতে পানি ঘরবাড়িতে ঢুকে পড়ায় দুর্ভোগ আরও তীব্র হয়েছে।ভুক্তভোগীরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার পাশাপাশি স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না হলে প্রতিবছর বর্ষা মৌসুমে একই দুর্ভোগ পোহাতে হবে।