পাটুরিয়া ঘাট রক্ষায় জিও ব্যাগ ফেলছে বিআইডব্লিউটিএ
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের মধ্যবর্তী এলাকায় নদীভাঙনের ঝুঁকি মোকাবিলায় জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।সোমবার (১ জুন) দুপুরে পাটুরিয়া ৪ ও ৫ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী ভাঙনকবলিত এলাকায় এ কার্যক্রম শুরু হয়। কাজের অগ্রগতি পরিদর্শন করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার।স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের আগস্ট মাসে পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে পাটুরিয়া ঘাটের কয়েকটি স্থানে ভয়াবহ ভাঙন দেখা দেয়। এতে ২২টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং লঞ্চ ও ফেরিঘাটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।দীর্ঘদিন ধরে অস্থায়ী ব্যবস্থা নিয়ে যাত্রীসেবা চালু রাখা হলেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় স্থায়ী সংস্কার কাজ শুরু করা সম্ভব হয়নি।বিআইডব্লিউটিএর আরিচা সেক্টরের উপ-সহকারী প্রকৌশলী মুশা মিয়া জানান, বিশেষ প্রকল্পের আওতায় প্রথম ধাপে তিনটি ঘাট এলাকায় প্রায় ৫ হাজার জিও ব্যাগ ফেলা হয়েছে। বর্তমানে ধুতুরাবাড়ি এলাকার ভাঙনকবলিত অংশ এবং লঞ্চঘাট এলাকায় আরও ৫ হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে।তিনি আরও জানান, পুরো ঘাট এলাকায় স্থায়ী ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ে ২০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে স্থায়ী কাজ শুরু করা হবে।শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার বলেন, বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে ভাঙন রোধে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।