বুধবার, ২২ জুলাই ২০২৬
চেকপোস্ট

পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার মরদেহ উদ্ধার

খুলনার পাইকগাছা উপজেলায় ঘরের তালা ভেঙে বিশ্বজিৎ দেউড়ি (২৫) নামে আরএফএল কোম্পানির এক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার সহকর্মী ও রুমমেট অন্তর সরকার (২৩) মোটরসাইকেলসহ নিখোঁজ রয়েছেন।ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধারের পর হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকায় রামপ্রসাদ মন্ডলের বাড়ির নিচতলার একটি কক্ষে গত প্রায় দুই মাস ধরে একসঙ্গে ভাড়া থাকতেন বিশ্বজিৎ দেউড়ি ও অন্তর সরকার।নিহত বিশ্বজিৎ ঝালকাঠি সদর উপজেলার বেতনা গ্রামের হিরালাল দেউড়ির ছেলে। তিনি আরএফএল কোম্পানির পাইকগাছা শাখার সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) হিসেবে কর্মরত ছিলেন। আর অন্তর সরকার একই প্রতিষ্ঠানে সহকারী টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।স্থানীয়রা জানান, সোমবার (২০ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে দুজনকে একটি দোকানে নাস্তা করতে দেখা যায়। এরপর মঙ্গলবার দুপুর পর্যন্ত তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে সহকর্মীদের সন্দেহ হয়।পরে সহকর্মী নয়ন রায় বাসায় গিয়ে দরজার সামনে রক্তের দাগ ও একটি রক্তমাখা ছুরি দেখতে পান। বিষয়টি তিনি পুলিশকে জানান।খবর পেয়ে পাইকগাছা সার্কেলের সহকারী পুলিশ সুপার আমীর হামজা ও পুলিশ পরিদর্শক (অপারেশন) জুলফিকার আলীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে।ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় পুলিশ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝে থেকে বিশ্বজিৎ দেউড়ির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।পুলিশের প্রাথমিক ধারণা, সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার দুপুরের মধ্যে কোনো এক সময় পূর্ব বিরোধ বা অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যার পর মরদেহ ঘরের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিয়ে রুমমেট অন্তর সরকার মোটরসাইকেল নিয়ে পালিয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং নিখোঁজ অন্তর সরকারকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার মরদেহ উদ্ধার