নির্বাচন পরবর্তী সহিংসতা: মাংসের দোকানসহ ভাঙচুরে উত্তাল কলকাতা
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ৫ মে সন্ধ্যায় কলকাতার ঐতিহ্যবাহী নিউ মার্কেট এলাকায় বুলডোজার নিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজয়ী দল ভারতীয় জনতা পার্টি-এর সমর্থকদের বিরুদ্ধে।প্রতিবেদনে বলা হয়েছে, বুলডোজারের ওপর দলীয় পতাকা লাগিয়ে একদল সমর্থক ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে এলাকায় প্রবেশ করে এবং একাধিক মাংসের দোকান ও একটি রাজনৈতিক কার্যালয় গুঁড়িয়ে দেয় বলে অভিযোগ ওঠে।ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পাশে থাকলেও ভাঙচুর চলতে থাকে। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দোকান বন্ধ করে এলাকা ছাড়েন।একই ঘটনায় মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এলাকায়ও সহিংসতার অভিযোগ ওঠে। সেখানে কয়েক দশকের পুরনো লেনিন মূর্তি ভাঙচুর করা হয় বলে দাবি করা হয়েছে।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দা জানানো হয়েছে। দলের নেতা মহুয়া মৈত্র ও ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করেন, বিজয়ের নামে সহিংসতা ও ভাঙচুর চালানো হচ্ছে।অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দলীয় কর্মীদের ভাঙচুর থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় দখল, অগ্নিসংযোগ ও রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ উঠছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।