শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য, ভারতকে অবস্থান জানাতে বলল বাংলাদেশ
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দণ্ডিত পলাতক আসামি হওয়া সত্ত্বেও সেখানে রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন কি না এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ কথা বলেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, আগামী ৫ আগস্ট দিল্লিতে একটি অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এতে ভারত সরকারের কোনো আপত্তি নেই।এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং নিষিদ্ধ সংগঠনের প্রধান। তিনি কোথায় কী বক্তব্য দিচ্ছেন, তার জবাব দেওয়া বাংলাদেশের সরকারের বিষয় নয়।তিনি বলেন, ভারত সরকার এর আগে জানিয়েছিল, ভারতে অবস্থানরত কোনো পলাতক আসামির রাজনৈতিক কর্মকাণ্ডকে তারা সমর্থন করে না। এখন আলোচিত অনুষ্ঠান বা এ ধরনের কোনো কর্মসূচিকে ভারত সরকার সমর্থন করে কি না, সেটি দিল্লিকেই স্পষ্ট করতে হবে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চলমান রয়েছে। এমন কোনো ঘটনা যেন দুই দেশের সম্পর্কের অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত না করে, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।তিনি জানান, বাংলাদেশ ভারতের সঙ্গে কৌশলগত ও সুদৃঢ় কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায়। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত একজন ব্যক্তির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার হওয়া জরুরি।শামা ওবায়েদ আরও বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থ রক্ষায় কাজ করছে। সম্প্রতি ভারতের নতুন হাইকমিশনারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে এবং দুই দেশ ভবিষ্যতমুখী সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ভারত দুই দেশই পারস্পরিক সম্পর্কের উন্নয়ন অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।