মালয়েশিয়া প্রবাসীদের বড় সুখবর, বাড়তে পারে ন্যূনতম বেতন
মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীসহ ন্যূনতম মজুরিতে থাকা শ্রমিকদের জন্য বেতন বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। দেশটির বর্তমান ন্যূনতম মাসিক বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করার বিষয়টি বিবেচনা করছে সরকার।সোমবার (২৮ সেপ্টেম্বর) জোহর রাজ্যের ক্লুয়াং জেলা পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দেশটির অর্থমন্ত্রী আকমল নাসরুল্লাহ মোহাম্মদ নাসির।তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার।অর্থমন্ত্রী বলেন, শ্রমিকদের কল্যাণের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের সক্ষমতাও বিবেচনায় নেওয়া হচ্ছে। বেতন বাড়ানোর সিদ্ধান্ত এমনভাবে বাস্তবায়ন করতে চায় সরকার, যাতে শ্রমিক ও নিয়োগকর্তা উভয় পক্ষের ওপর ভারসাম্য বজায় থাকে।তিনি জানান, ন্যূনতম মজুরি সমন্বয়ের ক্ষেত্রে নিয়োগকর্তাদের বিভিন্ন অংশের সক্ষমতাও বিবেচনায় নেওয়া হচ্ছে। সম্ভাব্য নতুন মজুরি ২ হাজার রিঙ্গিত করার ঘোষণা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ২০২৭ সালের বাজেট পেশের সময় দেওয়া হতে পারে।প্রস্তাবটি কার্যকর হলে ন্যূনতম বেতনে থাকা বিদেশি শ্রমিকদের আয়ও বাড়তে পারে। তবে কোন খাতে, কোন শ্রেণির শ্রমিকের জন্য এবং কবে থেকে নতুন বেতন কার্যকর হবে তা এখনো নির্ধারিত হয়নি।
এদিকে মানবসম্পদমন্ত্রী রামানান রামাকৃষ্ণান জানিয়েছেন, ২ হাজার, ২ হাজার ১০০ বা ২ হাজার ২০০ রিঙ্গিত কোনো অঙ্কই এখনো অনুমোদন করা হয়নি। ফলে মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের ন্যূনতম বেতন ঠিক কত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।