সোমবার, ২০ জুলাই ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জে সম্ভাবনার নৌকা শিল্প, সরকারি সহায়তা পেলে জাহাজ তৈরির স্বপ্ন

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামে কয়েক দশক ধরে গড়ে উঠেছে একটি সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প। স্থানীয় উদ্যোক্তা জীবন সমাজপতি, গণেশ সমাজপতি ও গোলক সমাজপতির উদ্যোগে ১৯৯৫ সালে যাত্রা শুরু করা এই শিল্প বর্তমানে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।উদ্যোক্তারা জানান, তাদের কারখানায় প্রতি বছর প্রায় ৩০০ থেকে ৪০০টি ১৫ থেকে ২০ ফুট দৈর্ঘ্যের নৌকা তৈরি হয়। এসব নৌকা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। মানসম্মত নির্মাণের কারণে বাজারে এসব নৌকার চাহিদাও বাড়ছে।উদ্যোক্তা জীবন সমাজপতি বলেন, নৌকা তৈরির কাঁচামাল স্থানীয়ভাবে সহজলভ্য হলে উৎপাদন ব্যয় কমবে এবং উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে। এতে শিল্পের পরিধিও সম্প্রসারিত হবে।নৌকা তৈরির পাশাপাশি প্রতিষ্ঠানটি কৃষিকাজ ও জলাশয় ব্যবস্থাপনায় ব্যবহৃত কচুরিপানা কাটার মেশিন তৈরি ও বাজারজাত করছে। উদ্যোক্তাদের দাবি, এই যন্ত্র কৃষকের শ্রম ও সময় সাশ্রয়ের পাশাপাশি জলাশয় পরিষ্কার রাখতেও কার্যকর ভূমিকা রাখছে।তাদের মতে, সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ শর্তে ব্যাংক ঋণ এবং প্রয়োজনীয় ভর্তুকি নিশ্চিত করা হলে বড় আকারের নৌযান ও জাহাজ নির্মাণে বিনিয়োগ করা সম্ভব হবে। পাশাপাশি একটি ডকইয়ার্ডের লাইসেন্স পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বৃহৎ জাহাজ নির্মাণের পথও উন্মুক্ত হবে।স্থানীয়দের বিশ্বাস, যথাযথ সরকারি সহায়তা ও নীতিগত উদ্যোগ পেলে শানপুকুরিয়ার এই ঐতিহ্যবাহী নৌকা নির্মাণশিল্প দেশের নৌযান খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

গোপালগঞ্জে সম্ভাবনার নৌকা শিল্প, সরকারি সহায়তা পেলে জাহাজ তৈরির স্বপ্ন