রোববার, ৩১ মে ২০২৬
চেকপোস্ট

সৈয়দপুরে ২৫ বোতল এসকেইফ সিরাপসহ চিহ্নিত মাদক বিক্রেতা আটক

নীলফামারীর সৈয়দপুরে ২৫ বোতল এসকেইফ সিরাপ (নিষিদ্ধ কাশির ওষুধ) উদ্ধার এবং এক চিহ্নিত মাদক বিক্রেতাকে আটকের ঘটনা ঘটেছে। আটক রকি (৩৫) শহরের নিউ মুন্সিপাড়া এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে।রোববার (৩১ মে) দুপুর ২টার দিকে শহরের হাতিখানা বানিয়াপাড়া এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সৈয়দপুর থানার এসআই ফরহাদ হোসেন জানান, এএসআই হুমায়ুন কবিরের সোর্সের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। গিয়ে দেখা যায়, এলাকাবাসী রকিকে আটক করে রেখেছে। স্থানীয়দের দাবি, রকি মোটরসাইকেলে করে দুটি বস্তায় মাদকদ্রব্য নিয়ে এলাকায় প্রবেশ করে। ধাওয়া করলে সে কৌশলে বস্তাগুলো লুকিয়ে ফেলে।পরে উপস্থিত সবার সামনে জিজ্ঞাসাবাদে রকি একটি বস্তা লুকিয়ে রাখার কথা স্বীকার করে বলে দাবি পুলিশের। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের একটি জঙ্গল থেকে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতর থেকে ২৫ বোতল এসকেইফ সিরাপ জব্দ করা হয়।তবে আটক রকি অভিযোগ অস্বীকার করে বলেন, উদ্ধার হওয়া সিরাপ তার নয়। পুলিশ তাকে মাদকসহ আটক করেনি। তিনি দাবি করেন, হাতিখানায় শ্বশুরবাড়িতে যাওয়ার পথে কয়েকজন যুবক তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি নিজেকে একজন মুদি দোকান ব্যবসায়ী বলে দাবি করেন।এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকাবাসীর হাতে আটক অবস্থায় রকিকে পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ এবং প্রাথমিক তথ্যের ভিত্তিতে উদ্ধার হওয়া মাদকদ্রব্য তার বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে নীলফামারী জেলা হাজতে পাঠানো হবে।

সৈয়দপুরে ২৫ বোতল এসকেইফ সিরাপসহ চিহ্নিত মাদক বিক্রেতা আটক