শনিবার, ১৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

কুড়িগ্রামে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টা থেকে কুড়িগ্রাম সদর উপজেলার কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৯টি পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার নয়টি উপজেলা থেকে মোট ৪ হাজার ৫১৮ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ভোটগ্রহণের জন্য স্থাপন করা হয় ৪০টি বুথ।নির্বাচন ঘিরে শ্রমিকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পছন্দের প্রার্থীদের সমর্থনে ভোটার ও সমর্থকেরা বিভিন্ন স্লোগান দেন, প্রচার চালান এবং প্রার্থীদের জন্য দোয়া ও ভোট প্রার্থনা করেন। পুরো এলাকা একপর্যায়ে উৎসবের আমেজে পরিণত হয়।নির্বাচন কমিশনার ডা. মাহফুজার রহমান মজনু বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের মধ্যে ঈদের মতো আনন্দ ও বাড়তি উৎসাহ দেখা গেছে। নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।তিনি জানান, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সহ-সম্পাদক ছামসুজ্জামান ছামসু, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু, কুড়িগ্রাম মোটর মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান বকশীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী নির্বাচন পর্যবেক্ষণ করেন।দিনব্যাপী ভোটগ্রহণ শেষে এখন ফলাফল প্রস্তুতের কাজ চলছে। ভোটের হিসাব যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন বিজয়ীদের প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করবে।

কুড়িগ্রামে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন