রোববার, ২৪ মে ২০২৬
চেকপোস্ট

নির্বাচনী ভরাডুবির পর তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয় খালি করার নোটিশ

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস নতুন রাজনৈতিক ও সাংগঠনিক চাপে পড়েছে। নির্বাচনের ফল ঘোষণার মাত্র ২০ দিনের মাথায় দলটির কেন্দ্রীয় কার্যালয় খালি করার নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।দলীয় সূত্রে জানা যায়, কলকাতার তোপসিয়া এলাকার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন বহুতল ভবনটি তৃণমূল কংগ্রেস অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছিল।নির্বাচনে পরাজয়ের পর ভবনটির মালিক মন্টু সাহা ভবনটি খালি করার নির্দেশ দেন। তিনি জানান, ভোটের ফল ঘোষণার পর ভবনে ভাঙচুরের ঘটনা ঘটে, যার কারণে নিরাপত্তা ও ক্ষতির আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। একসময় ‘তৃণমূল ভবন’ নামে পরিচিত এই কার্যালয় থেকেই দলীয় গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হতো। এখানে দলের শীর্ষ নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যও আলাদা কক্ষ ছিল।নির্বাচনের পর দলীয় কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একইসঙ্গে নতুন অস্থায়ী কার্যালয়ও এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।ভবন মালিক জানিয়েছেন, পূর্বে চুক্তির ভিত্তিতে ভবনটি ভাড়া দেওয়া হয়েছিল এবং ভাড়া নিয়মিত পরিশোধ করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে ভবনটি দুই মাসের মধ্যে খালি করতে বলা হয়েছে। এদিকে ভবনটির আশপাশের বাসিন্দারা দীর্ঘদিনের নানা ভোগান্তির অভিযোগ তুললেও এখন পরিস্থিতি পরিবর্তনে স্বস্তি প্রকাশ করেছেন।

নির্বাচনী ভরাডুবির পর তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয় খালি করার নোটিশ