মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২ AI ক্যামেরা, বাড়ল নজরদারি

অপরাধমুক্ত, শান্তিময় ও নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও মহাসড়কে স্থাপন করা হয়েছে ৩২টি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সক্ষম সিসিটিভি ক্যামেরা।এর মাধ্যমে শহরের ব্যস্ততম সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগম এলাকায় সার্বক্ষণিক নজরদারি ব্যবস্থা আরও আধুনিক ও শক্তিশালী করা হয়েছে।সোমবার (২৪ আগস্ট ২০২৬) আনুষ্ঠানিকভাবে এসব AI-সক্ষম সিসিটিভি ক্যামেরার নজরদারি কার্যক্রমের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন এম ওয়াসিম ফিরোজসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।নতুন এই প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থায় ফেসিয়াল রিকগনিশন এবং যানবাহনের নম্বর প্লেট ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মাধ্যমে অপরাধী শনাক্তকরণ, সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ এবং অপরাধের দ্রুত তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আশা করা হচ্ছে।অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার ও সাধারণ মানুষের সহযোগিতার মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব। এসব AI ক্যামেরা শুধু অপরাধের পর তদন্তে নয়, বরং আগাম অপরাধ প্রতিরোধ ও দ্রুত তথ্য সংগ্রহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে আধুনিক, নিরাপদ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয় নিরাপত্তায় প্রযুক্তি, অপরাধ দমনে দৃঢ়তা নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ আমাদের অঙ্গীকার।

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২ AI ক্যামেরা, বাড়ল নজরদারি