ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং মোহাম্মদী হাউজিং সোসাইটি’র সম্মিলিত
ঢাকার মোহাম্মদী হাউজিং সোসাইটিতে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) মোহাম্মদী হাউজিং সোসাইটির ২ নম্বর সড়কে ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং মোহাম্মদী হাউজিং সোসাইটির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।দিবসটি উপলক্ষে শিশুদের অংশগ্রহণে দেশীয় বিভিন্ন খেলার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল বিস্কুট দৌড়, সুই-সুতো দৌড় ও মারবেল দৌড়। পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা বিষয়ে শিশুদের নিয়ে কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।শিশুদের প্রকৃতি ও পরিবেশের প্রতি আগ্রহ বাড়াতে পুরো আয়োজনস্থল সাজানো হয় দেশীয় পাখি ও বৃক্ষের ছবি দিয়ে। অনুষ্ঠান শেষে খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।আয়োজকরা বলেন, ঢাকা শহরে ক্রমবর্ধমান যানজট ও বায়ুদূষণের পাশাপাশি উন্মুক্ত স্থান ও খেলার মাঠের সংকট নগরবাসীর জীবনযাত্রায় প্রভাব ফেলছে। সড়ককে শুধু যানবাহনের চলাচলের জায়গা না রেখে নির্দিষ্ট সময়ে স্থানীয় মানুষের জন্য উন্মুক্ত করা হলে শিশুদের খেলাধুলা ও সামাজিকীকরণের সুযোগ বাড়ানো সম্ভব।আয়োজনে বক্তারা বলেন, ২০২৬ সালের বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের প্রতিপাদ্য—‘কম গাড়ি, বাসযোগ্য নগরী’। ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি গণপরিবহন উন্নত করা এবং পথচারীবান্ধব নগর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।তারা আরও বলেন, ব্যস্ত সড়ক ও যান্ত্রিক যানবাহনের আধিক্যের কারণে শিশু-কিশোরদের নিরাপদে বাইরে খেলাধুলার সুযোগ সীমিত হয়ে পড়েছে। নির্দিষ্ট সময়ে সড়ক সাময়িকভাবে যানবাহনমুক্ত করে স্থানীয় বাসিন্দাদের জন্য উন্মুক্ত করা হলে নিরাপদ বিনোদন ও সামাজিক যোগাযোগের পরিবেশ তৈরি হতে পারে।উল্লেখ্য, ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমানে প্রায় ৪ হাজার শহরে গাড়িমুক্ত দিবস পালিত হয়। বাংলাদেশে ২০০৬ সাল থেকে বেসরকারি সংগঠনের উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে। ২০১৬ সাল থেকে ডিটিসিএর সমন্বয়ে সরকারি ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগেও দিবসটি পালন করা হচ্ছে।
অনুষ্ঠানে মোহাম্মদী হাউজিং সোসাইটি, মোহাম্মদী ইয়ুথ ক্লাব, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, ধানমন্ডি কচিকণ্ঠ হাই স্কুল, বেঙ্গলি মিডিয়াম হাই স্কুল, রায়েরবাজার উচ্চ বিদ্যালয়, কারফ্রি সিটিজ অ্যালায়েন্স বাংলাদেশ, আন্তর্জাতিক কারফ্রি সিটিজ অ্যালায়েন্স, ইনস্টিটিউট অব ওয়েলবীইং এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।