শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে নিরাপত্তা জোরদার

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ায় সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকরা এ ধরনের হামলার পরিকল্পনা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক চিঠিতে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং দেশের সব জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়।চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা, এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং রাজধানীর শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে হামলার পরিকল্পনা করতে পারে।সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ ধরনের তৎপরতা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। তাই যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে আগাম ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা, গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে নিরাপত্তা জোরদার