ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে প্রত্যর্পণ চায় যুক্তরাষ্ট্র
কানাডার খলিস্তানি নেতা হারদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডসহ একাধিক আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকার অভিযোগে ভারতের কারাগারে বন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে নিজেদের হেফাজতে নিতে চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে দেশটির বিচার বিভাগ (ডিওজে) আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ বা হস্তান্তরের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে দাখিল করা অভিযোগপত্রে নিজ্জার হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধচক্রের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে লরেন্স বিষ্ণোইয়ের নাম উঠে আসে। এরপরই তাকে যুক্তরাষ্ট্রে আনার আইনি প্রক্রিয়া শুরু করার ঘোষণা দেয় মার্কিন কর্তৃপক্ষ।দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি অফিসের পাবলিক অ্যাফেয়ার্স কর্মকর্তা সিয়ারান ম্যাকভয় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লরেন্স বিষ্ণোইকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে।এক ইমেইল বার্তায় ম্যাকভয় বলেন, লরেন্স বিষ্ণোই বর্তমানে ভারতের কারাগারে বন্দি রয়েছেন এবং তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক আবেদন করার পরিকল্পনা রয়েছে। তবে আন্তর্জাতিক প্রত্যর্পণ একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া হওয়ায় এটি সম্পন্ন হতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে।চলতি সপ্তাহের শুরুতে লস অ্যাঞ্জেলেসের একটি ফেডারেল আদালতে প্রকাশিত অভিযোগপত্রে লরেন্স বিষ্ণোইকে প্রধান অভিযুক্তদের একজন হিসেবে উল্লেখ করা হয়।উল্লেখ্য, ২০১৫ সাল থেকে লরেন্স বিষ্ণোই ভারতে কারাবন্দি। বর্তমানে তাকে গুজরাটের একটি উচ্চ নিরাপত্তাসম্পন্ন কারাগারে রাখা হয়েছে। মার্কিন তদন্তকারীদের অভিযোগ, কারাগারে অবস্থান করেই তিনি আন্তর্জাতিক অপরাধচক্রের কর্মকাণ্ড এবং হত্যাকাণ্ডের পরিকল্পনা ও সমন্বয় করে আসছেন।